নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে রঙিন পোশাকে এই সফরের আগে কখনোই জেতা হয়নি বাংলাদেশের। তবে এবার ইতিহাস বদলানোর প্রত্যয় ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ হারের পরও শেষ ম্যাচে জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। সেই আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও জয় করে তারা। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পরও সিরিজ জয়ের আশা ছিল। শেষ ম্যাচ জিতেই টাইগাররা নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয় করতে পারত। কিন্তু বৃষ্টির আইনে হেরে সিরিজ ড্র হয়।
রবিবার (৩১ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। বড় রানের মাঠেও মাত্র ১১০ রানের পুঁজি গড়ে টাইগার বাহিনী। তবুও জয়ের আশা দেখিয়েছিলেন শেখ মেহেদী ও শরীফুল ইসলামরা। তবে শেষদিকে ঝড় তুলে সেই জয় প্রায় ছিনিয়ে নেন নিউজিল্যান্ডের ব্যাটার জিমি নিশাম।
পাওয়ার প্লেতে মেহেদী ও শরীফুল ৩ উইকেট তুলে নেওয়ায় কিউইরা চাপে পড়ে যায় শুরুতে। শুধু একপ্রান্ত ধরে খেলছিলেন অ্যালেন। চ্যাপম্যানের রানআউটের পর অ্যালেনের বিদায়ে ৪৯ রানে কিউইরা ৫ উইকেট হারালে ম্যাচে ভালোভাবেই ফেরে সফরকারী দল। তখন ডিএলএস পদ্ধতিতে স্বাগতিকরা পিছিয়ে ছিল। তবে তারপর আর কোনো চাপ সৃষ্টি করতে পারেনি বাংলাদেশ। বরং স্যান্টনার-নিশামের অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটি ম্যাচ জয়ের কাছে নিয়ে গেছে স্বাগতিকদের। ১৪.৪ ওভারে যখন বৃষ্টি নামে, তখন তারা ১৭ রানে এগিয়ে ছিল। ফলে সিরিজ শেষ হলো ১-১ সমতায়।
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
মেহেদী হাসান এবং শরিফুল ইসলামই যা ১১০ রানের পুঁজিকে রক্ষা করার জন্য লড়াই করলেন। অন্য বোলারদের আর কেউ নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। অন্যদিকে সেই জিমি নিশামই শেষ মুহূর্তে ঝড় তুলেছিলেন। যদিও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত বৃষ্টি আইন ডিএল মেথডে ১৭ রানে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ছিল ৯৫। জিমি নিশাম এবং মিচেল সান্তনারের ব্যাটে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। এমন সময়ই নামে বৃষ্টি। তুমুল বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। শেষে বৃষ্টি বন্ধ না হলে ম্যাচ রেফারি খেলা সেখানেই শেষ করে দেন। যতটুকু খেলা হয়েছে, তাতে ১৭ রান এগিয়ে ছিল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। নেপিয়ারে প্রথম ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে দেওয়ার পর মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। শেষ ম্যাচটি জিতলে ইতিহাস গড়া হতো। কিন্তু ডিএল মেথডে ১৭ রানে হারের কারণে আর ম্যাচ জেতা সম্ভব হলো না।
দ্বিতীয় ওভারেই দলীয় ১৬ রানের মাথায় স্ট্যাম্পিং হয়ে যান টিম সেইফার্ট। ১ রান করেন তিনি। এরপর দলীয় ২৬ রানের মাথায় আউট হয়ে যান ড্যারিল মিচেল। মেহেদীর বলে নাজমুল শান্তর হাতে ক্যাচ দেন তিনি। করেন ১ রান। এরপর কিউই শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম। তার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান গ্লেন ফিলিপস। দলীয় ৩০ রানের মাথায় ৪ বলে তিনিও করেন ১ রান।
দলীয় ৩৮ রানের মাথায় মার্ক চাপম্যান রানআউট হয়ে যান। ৫ বলেও তিনিও করেন ১ রান। দলীয় ৪৯ রানের মাথায় ভয়ঙ্কর হয়ে ওঠা ফিন অ্যালনকে বোল্ড করেন শরিফুল ইসলাম। ৩১ বলে ৩৮ রান করেন তিনি। পরের ইতিহাস তো সবারই জানা। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়ে সর্বোচ্চ ফায়দা লুটে নিয়েছে নিউজিল্যান্ড বোলাররা। বাংলাদেশকে রানই করতে দেয়নি সঠিকভাবে। ১৯.২ ওভারে অলআউট করেছে ১১০ রানে।
রিশাদ হোসেন ১০ রান করেন। এছাড়া লিটনের পরিবর্তে খেলা শামীম হোসনে পাটোয়ারী করেন মাত্র ৯ রান। শেখ মেহেদী ১৩ বলে করেন ৪ রান। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই ১১০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৪ উইকেট নেন মিচেল সান্তনার, ২টি করে উইকেট নেন টিম সাউদি, অ্যাডাম মিলনে এবং বেন সিয়ার্স।
সিরিজ সেরা শরিফুল
কিউইদের মাটিতে টি-টোয়েন্টিতে জয়খরা কাটানোর পর প্রথমবারের মতো সিরিজ জয়ের দারুণ সুযোগ ছিল নাজমুল হোসেন শান্তদের সামনে। ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগ হাতছাড়া হলেও অন্তত সিরিজ হারেনি সফরকারীরা। আজ (রোববার) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে ১-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ড।
সিরিজ শেষে দারুণ স্বীকৃতি পেলেন পেসার শরিফুল ইসলাম। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন তিনি। প্রায় তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম ম্যান অব দ্য সিরিজ হলেন টাইগার এই পেসার।
গত বুধবার (২৭ ডিসেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। জবাবে ১ ওভার ২ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এরপর বৃষ্টিতে ভেসে যাওয়া পরের ম্যাচে ফিন অ্যালেনের উইকেট শিকার করেন শরিফুল। আজ সিরিজের শেষ ম্যাচে অল্প পুঁজি নিয়েও ২ উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগান শরিফুল। তিন সংস্করণ মিলিয়ে চলতি বছর ৩২ ইনিংসে ৫২ উইকেট নিয়েছেন তিনি।
সিরিজ জয়ের লক্ষ্যে শুরুতে ব্যাট করতে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ের বড় রানের মাঠেও সফরকারীরা মাত্র ১১০ রান তুলতে পেরেছিল। তবুও জয়ের আশা দেখিয়েছিলেন শেখ মেহেদী ও শরীফুল ইসলামরা। শেষদিকে ঝড় তুলে সেই জয় প্রায় ছিনিয়ে নেন নিউজিল্যান্ডের ব্যাটার জিমি নিশাম। যদিও আগেই ম্যাচ শেষ করে দিয়েছে বৃষ্টি।
ম্যাচ হেরে যা বললেন শান্ত
আশা জাগিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জেতা হলো না বাংলাদেশের। ওয়ানডেতে হারের পর নাজমুল হোসেন শান্ত’র দল সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ সমতা দিয়ে শেষ করেছে। সিরিজ হাতছাড়া হলেও বল হাতে দারুণ পারফর্ম করা টাইগার পেসার শরিফুল ইসলাম সিরিজসেরার পুরস্কার জিতেছেন। সে কারণে বোলারদের প্রশংসা করার পাশাপাশি, হারের জন্য ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুলেছেন সফরকারী অধিনায়ক শান্ত।
এদিকে সিরিজ হারের জন্য টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়ী করছেন ব্যাটারদের বড় রান না পাওয়াকে। তবে বোলারদের প্রশংসা করতেও ভোলেননি তিনি, ‘বোলাররা দারুণ শুরু করেছে, কিন্তু আমাদের ব্যাটাররা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি। সব বোলারই ভালো করেছে, টি-টোয়েন্টিতে ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ। এখানেই আমরা ভুল করেছি।’
মাউন্ট মঙ্গানুইয়ে এদিন আগে ব্যাট করে বাংলাদেশ মাত্র ১১০ রানে গুটিয়ে যায়। বলার মতো রান করতে পারেননি সফরকারী দলের কোনো ব্যাটসম্যান। পরবর্তীতে বৃষ্টির বাধায় খেলায় বন্ধ হওয়ার আগে ৫ উইকেটে ৯৫ রান করে নিউজিল্যান্ড। খেলা আর মাঠে না গড়ানোয় ডিএলএস মেথডে তারা ১৭ রানে জয় পায়। এর আগে মাত্র ৪৯ রানেই তাদের ৫ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ম্যাচ ছিনিয়ে নেয় কিউইরা।
নিউজিল্যান্ড সফরকে সফল বললেন হাথুরুসিংহে
হার দিয়ে বছর শেষ করেছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে টাইগারদের বেশকিছু প্রাপ্তি রয়েছে। ব্যক্তিগতভাবে সিরিজজুড়ে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম। দুর্দান্ত ফর্ম দেখিয়ে তিনি সিরিজসেরাও হয়েছেন। অন্যদিকে নিজের সামর্থ্য জানান দিয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। যে কারণে তার ব্যাপারে নিজের আশার কথা জানিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শরিফুলের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা ড্রেসিংরুমে আলোচনা করেছিলাম— তিন ফরম্যাটেই সম্প্রতি শরিফুল আমাদের জন্য অসাধারণ বল করছে। অথচ ৮ মাস আগে সে দলেই ছিল না, কোনো ফরম্যাটেই খেলছিল না। আর এখন সে সেরা বোলার। আরেকটা ব্যাপার হচ্ছে রিশাদ, আমরা একজন লেগ-স্পিনারকে সাদা বলের ক্রিকেটে সুযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। সে তার পরীক্ষায় উৎরে গেছে।’
সিরিজ জিততে না পারার আক্ষেপও রয়েছে হাথুরুর, ‘সিরিজ শুরুর আগে আমরা বলছিলাম আগে কী করেছি। আমরা তার চেয়েও ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর। সিরিজ জিততে না পেরে হতাশ। আপনি যেমন জানেন, আমরা সবাই জিততে চাই। এজন্যই খেলাটা খেলি। এক পর্যায়ে আমাদের সুযোগও এসেছিল ম্যাচ (তৃতীয় টি-টোয়েন্টি) জেতার। কিন্তু আমরা যথেষ্ট রান করিনি।’
বাংলাদেশ নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১৪.৪ ওভারে ৯৫/৫, লক্ষ্য ১১১ ( স্যান্টনার ১৮*, নিশাম ২৮*; অ্যালেন ৩৮, চ্যাপম্যান ১, ফিলিপস ১, মিচেল ১, সেইফার্ট ১)
বাংলাদেশ ১৯.২ ওভারে ১১০/১০ ( মোস্তাফিজ ২*; রিশাদ ১০, তানভীর ৮, শরিফুল ৪, শামীম ৯, মেহেদী ৪, তাওহীদ ১৬, আফিফ ১৪, রনি ১০, শান্ত ১৭, সৌম্য ৪)
ফল: ডিএলএসে নিউজিল্যান্ড ১৭ রানে জয়ী।
ম্যাচসেরা: মিচেল স্যান্টনার
সিরিজ সেরা: শরিফুল (৬ উইকেট)।
নিউজিল্যান্ড একাদশ
আজও অপরিবর্তিত আছে নিউজিল্যান্ড একাদশ।
মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সাইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও টিম সাউদি।
বাংলাদেশ একাদশ
আগের ম্যাচ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তানজিম হাসানের জায়গায় খেলানো হচ্ছে স্পিনার তানভীর ইসলামকে। লিটন দাস নেই আজও।
রনি তালুকদার, শামীম হোসেন, নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।














