শাহীন শাহ আফ্রিদি পাকিস্তানের একজন তরুণ ও প্রতিভাবান আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে খেলেন। অনূর্ধ্ব ১৯ দলে খেলার মাধ্যমে তিনি নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করেন। বর্তমানে তিনি পাকিস্তান জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক এবং পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স এর অধিনায়ক। তার দ্রুতগতির বোলিং বিশ্ব ক্রিকেটে আতঙ্ক ছড়াচ্ছে।
২০০২ সালের ৬ এপ্রিল পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খাইবার এজেন্সিতে জন্ম শাহিন শাহ আফ্রিদির। ল্যান্ডি কোথাল নামে এলাকায় নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাঁর বেড়ে ওঠা। পরিবারের সাত ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। বড় ভাই রিয়াজ আফ্রিদি একসময় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে চুটিয়ে খেলেছেন। দেশের হয়ে একটা টেস্টও খেলেছিলেন। কিন্তু বেশিদূর এগোতে পারেননি। তাঁকে দেখেই ক্রিকেটে আসা শাহীন শাহ আফ্রিদির।
শাহীন আফ্রিদির ক্রিকেট জীবন শুরু হয়েছিল ছোটবেলায় টেনিস বলে ক্রিকেট খেলার মাধ্যমে। তাঁর বড় ভাই রিয়াজের কাছ থেকে তিনি ক্রিকেটের প্রতি আকৃষ্ট হন। কিন্তু তাঁদের এলাকায় উপযুক্ত ক্রিকেট মাঠ না থাকায় তিনি প্রায়ই স্কুলের মাঠে ক্রিকেট খেলতেন। ১৪ বছর বয়সে শাহীন আফ্রিদি তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন তার বাবা-মাকে জানান। তাঁর পরিবারের সদস্যরা যদিও তার ক্রিকেট দক্ষতা নিয়ে সন্দেহ করেছিলেন, তবুও তারা তাকে তার স্বপ্ন থেকে দূরে সরিয়ে রাখেননি।
শাহীন শাহ আফ্রিদির ঘরোয়া ক্রিকেট
পাকিস্তানের অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল ২০১৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে অংশগ্রহণ করে। দলে একজন তরুণ ক্রিকেটারের আগমন ঘটে যার নাম ছিল শাহীন আফ্রিদি। প্রথম খেলায় সিঙ্গাপুরের বিপক্ষে তার বোলিংয়ের নৈপুণ্যে পাকিস্তান দল নয় উইকেটে জয় লাভ করে। শাহীন শাহ আফ্রিদি ৩ উইকেট লাভ করেন।
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে, শাহীন আফ্রিদি দুই বছরের চুক্তিতে বাংলাদেশ প্রিমিয়ার লীগে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন। এরপর একই মাসের ২৬ তারিখে, তিনি রাওয়ালপিন্ডিতে কায়েদ-ই-আজম ট্রফিতে খান রিসার্চ ল্যাবরেটরিজের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন। অভিষেক ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ৮ উইকেট শিকার করেন, যা যেকোনো পাকিস্তানি ক্রিকেটারের অভিষেক ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যান।
২০১৭ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দলের নেতৃত্বে ছিলেন হাসান খান। এই দলে শাহীন আফ্রিদিও ছিলেন। টুর্নামেন্টে শাহীন ১২ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারী হন। তার এই পারফরম্যান্সের জন্য আইসিসি তাকে দলের উদীয়মান তারকা হিসেবে ঘোষণা করে।
শাহীন আফ্রিদি ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লীগে (পিএসএল) লাহোর কালান্দার্সের পক্ষে টুয়েন্টি২০ ক্রিকেটে অভিষেক করেন। এর পরের মাসে মুলতান সুলতান্সের বিপক্ষে মাত্র চার রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। লাহোর খেলায় জয় পায় এবং শাহীন আফ্রিদি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
টি-টোয়েন্টি অধিনায়ক শাহীন আফ্রিদি
শাহীন শাহ আফ্রিদির পাকিস্তান টি-২০ দলে অভিষেক হয়েছিল ২০১৮ সালে। এখন পর্যন্ত দেশটির হয়ে ৫২টি টি-২০ খেলেছেন ২৩ বছর বয়সী এই পেসার। নেতৃত্ব গুণে পারদর্শী শাহিন পাকিস্তান সুপার লিগে লাহোর কালার্ন্দাসের দায়িত্বভার গ্রহণ করে শিরোপাও জিতিয়েছেন। গত কয়েক বছর ধরেই পেস বিভাগের সবচেয়ে বড় অস্ত্র এই পেসার।
অধিনায়ক হিসেবে শাহিনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। আগামী ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ২৩ বছর বয়সী এই পেসার ৫২টি টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ৬৪ উইকেট। পিএসএলে লাহোর কালান্দার্সের নেতৃত্বও দিয়েছেন এবং ২০২২ ও ২০২৩ সংস্করণে দলকে টুর্নামেন্ট জেতাতে রেখেছেন কার্যকরী ভূমিকা।
আন্তর্জাতিক ক্রিকেট
২০১৮ সালের মার্চে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য পাকিস্তানের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) দলে হাসান আলীকে অন্তর্ভুক্ত করে। ৩ এপ্রিল, ২০১৮ তারিখে করাচীতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি২০আই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শাহীন আফ্রিদির অভিষেক হয়। সেপ্টেম্বর, ২০১৮ সালে, এশিয়া কাপকে ঘিরে পাকিস্তানের ওডিআই দলের সদস্যরূপে হাসান আলীকে অন্তর্ভুক্ত করা হয়। শাহীন আফ্রিদি মোহাম্মদ আমিরের পরিবর্তে খেলেন।
শাহীন আফ্রিদি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের বিপক্ষে ওডিআই অভিষেক করেন। পরের মাসে, তিনি সাদ আলীর সাথে পাকিস্তানের টেস্ট দলে যোগ দেন। নভেম্বরের শেষের দিকে, তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক করেন। মাত্র ১৯ বছর বয়সে তিনি পাকিস্তানের ইতিহাসে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এপ্রিল, ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপের জন্যে ১৫-সদস্যের পাকিস্তান দলের তালিকা প্রকাশ করে। এই তালিকায় শাহীন আফ্রিদি ও অন্যতম সদস্যরূপে মনোনীত হন। এর আগে, তিনি আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে একটি ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে ও ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহীন আফ্রিদি
পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি ২০২১ সালে ক্রিকেটের তিন ফরম্যাটেই অসামান্য পারফরম্যান্স করে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেন। ৯ টেস্টে ১৭.০৬ গড়ে ৪৭ উইকেট নিয়ে তিনি ছিলেন বছরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটেও তিনি দারুণ বোলিং করেছিলেন।
২০২১ সালে ৬টি ওয়ানডে খেলে ৪১.৩৭ গড়ে ৮ উইকেট নিয়েছেন আফ্রিদি, ইকোনমি রেট ৬.৩। টি-টোয়েন্টি ক্রিকেটে যেন নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছেন তিনি, সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণেই। ২১ ম্যাচ খেলে ২৬.০৭ গড়ে ২৩ উইকেট শিকার করেছেন আফ্রিদি, ইকোনমি রেট ৭.৮৬। বিশেষ করে কিছুদিন আগে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির বোলিং ছিল চোখে পড়ার মত। আফ্রিদির গতি, স্কিল, সুইংয়ে নাজেহাল হয়েছেন প্রতিপক্ষের ব্যাটাররা। বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছিলেন আফ্রিদি।
১০০ উইকেটের মাইলফলক শাহীন আফ্রিদির
ইডেন গার্ডেন্সে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করেছিলেন শাহীন আফ্রিদি। সাকিব আল হাসান ও বাংলাদেশের ওপেনার তানজ়িদ হাসানকে আউট করে নতুন নজির গড়ছিলেন পাকিস্তানের জোরে বোলার।
বিশ্বকাপের ম্যাচে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন শাহীন আফ্রিদি । বিশ্বের তৃতীয় দ্রুততম বোলার হিসাবে এই নজির গড়েন তিনি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে শাহিনের উইকেট সংখ্যা ছিল ৯৯। ৫১তম এক দিনের ম্যাচে ১০০ উইকেট পূর্ণ করেন শাহীন শাহ আফ্রিদি।














