বিশ্বকাপের ১০ স্টেডিয়াম
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়েছে। এই আসরে ১০টি ভিন্ন স্টেডিয়ামে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়। ১৯ নভেম্বর বিশ্বের বৃহত্তম এই স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই আসর উপলক্ষে ক্রিকেট মাঠগুলো নতুনভাবে সাজানো হয়েছে।
২০২৩ বিশ্বকাপের ম্যাচগুলো যেসব স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
১. ইডেন গার্ডেনস, কলকাতা
দর্শক ধারণক্ষমতা: ৬৬,০০০
ইডেন গার্ডেনস ভারতের কলকাতার একটি জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়াম। এটি ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। দর্শক ধারণক্ষমতায় এটি ভারতের দ্বিতীয় এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মাঠ।
ইডেন গার্ডেনস ক্রিকেটের একটি আইকনিক স্টেডিয়াম। এটি ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আয়োজন করেছিল। এছাড়াও, এটি ভারতীয় ক্রিকেটের অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে।
২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ইডেন গার্ডেনসের ভূমিকা:
২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ইডেন গার্ডেনস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মাঠে বাংলাদেশ নেদারল্যান্ডস এবং পাকিস্তানের বিপক্ষে তাদের দুটি গ্রুপ পর্বের ম্যাচ খেলা হয়েছে। এছাড়াও,গত ১৬ নভেম্বর এই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
২. রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ
দর্শক ধারণক্ষমতা : ৫৫,০০০
এই স্টেডিয়ামটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর নামে নামকরণ করা হয়। আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড এই স্টেডিয়াম।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ৬ অক্টোবর পাকিস্তান-নেদারল্যান্ডস, ৯ অক্টোবর নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস এবং পরের দিন পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হয় ।
৩. এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
দর্শক ধারণক্ষমতা : ৫০,০০০
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম, যা চীপক স্টেডিয়াম নামেও পরিচিত, ভারতের দ্বিতীয় প্রাচীন ক্রিকেট স্টেডিয়াম। এটি আইপিএল দল চেন্নাই সুপার কিংসের হোম মাঠ এবং ২০২৩ বিশ্বকাপের পাঁচটি ম্যাচের আয়োজন করে। ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠে খেলেছে সাকিব আল হাসানরা।
ভারত-অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ম্যাচটিও আয়োজন করে চেন্নাইয়ের এই মাঠ। এ ছাড়া পাকিস্তান-দক্ষিণ আফ্রিকাসহ চিদাম্বরম স্টেডিয়াম ২০২৩ বিশ্বকাপের পাঁচটি ম্যাচের আয়োজক।
৪. নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ
দর্শক ধারণক্ষমতা : ১,৩২,০০০
ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত গুজরাট রাজ্যের বৃহত্তম শহর আহমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত। ২০২১ সালে উদ্বোধিত এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে।
স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা এক লাখ ৩২ হাজার, যা বিশ্বে সর্বোচ্চ। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় ,এবং ফাইনাল, ভারত-পাকিস্তান এবং অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলো এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
৫. ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম, মুম্বাই
দর্শক ধারণক্ষমতা : ৩২,০০০
ভারতের মুম্বাই শহরে অবস্থিত ওয়াংখেড়ে স্টেডিয়ামটি ভারতীয় ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটি আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দপ্তরও এখানে অবস্থিত।
শচীন টেন্ডুলকারের শহরের এই মাঠে ২০১১ সালে ভারত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম দেশ হিসেবে দেশের মাটিতে বিশ্বজয় করেছিল। টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচটিও হয়েছিল এই মাঠে। গত ১৫ নভেম্বর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয় এবং আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
৬. ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ি ইকানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ
দর্শক ধারণক্ষমতা : ৫৫,০০০
লখনউয়ের বাজপেয়ি স্টেডিয়াম ভারতের পঞ্চম বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটি আগে ইকানা ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত ছিল।
এই স্টেডিয়ামে বেশ কয়েকটি রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়। গত ১২ অক্টোবর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, ১৬ অক্টোবর অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা, ২৯ অক্টোবর ভারত ও ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হয়। এছাড়াও, ২১ অক্টোবর নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা, ৩ নভেম্বর নেদারল্যান্ডস ও আফগানিস্তান একে অপরের মুখোমুখি হয়।
৭. এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
দর্শক ধারণক্ষমতা : ৪০,০০০
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম কর্ণাটক রাজ্য ক্রিকেট দল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ। এটি ১৯৭০ সালে নির্মিত হয়েছিল এবং বিসিসিআইয়ের সাবেক সভাপতি এম চিন্নাস্বামীর নামে নামকরণ করা হয়েছিল।
স্টেডিয়ামটি টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের জন্য পরিচিত। এটি ভারতে অনুষ্ঠিত প্রতিটি বিশ্বকাপে একটি ম্যাচের আয়োজন করেছে। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়।
৮. হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
দর্শক ধারণক্ষমতা : ২৩,০০০
হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থিত নান্দনিক এক ক্রিকেট মাঠ। বিশ্বের সেরা দৃষ্টিনন্দন মাঠের অন্যতম। ৭ অক্টোবর এই মাঠে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয় বাংলাদেশের। তিন দিন পর ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির স্বাগতিকও এইচপিসিএ। সব মিলিয়ে এই মাঠের জন্যও বরাদ্দ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ।
৯. মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, পুনে
দর্শক ধারণক্ষমতা : ৩৭,৪০৬
পুনেতে অবস্থিত মহারাষ্ট্র স্টেডিয়াম ২০১২ সালে উদ্বোধন হয়। এটি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ১০টি ভেন্যুতে সবচেয়ে নতুন। ১৯ অক্টোবর বাংলাদেশ এই মাঠে ভারত এবং ১১ নভেম্বর অস্ট্রেলিয়াকে মুখোমুখি হয়। এছাড়াও ৩০ অক্টোবর আফগানিস্তান-শ্রীলঙ্কা, ১ নভেম্বর নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং ৮ নভেম্বর ইংল্যান্ড-নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়।
১০. অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
দর্শক ধারণক্ষমতা : ৪১,৮৪২
কোটলা ফোর্টের নামানুসারে এর নাম ছিল ফিরোজ শাহ কোটলা। ২০১৯ সালে প্রয়াত সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধা জানিয়ে মাঠের নতুন নামকরণ করা হয়।














