দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। ২০২৪ বিপিএলের দশম আসর শুরু হচ্ছে কিছুটা অনিশ্চয়তার মধ্যে। অন্যান্য মৌসুমের তুলনায় এবারের বিপিএলের আয়োজন ও জাঁকজমক কিছুটা কম। একই সময়ে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ ও দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগও অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও, এবারের বিপিএলে বেশ কয়েকটি দল খেলোয়াড় ও কোচ সংকটে রয়েছে।
চলতি মাসের ১৯ তারিখে শুরু হবে বিপিএলের ১০ম আসর। খেলোয়াড়তো বটেই। কোচের দিক থেকেও এবারের বিপিএলে বিদেশিদের সংখ্যা অনেকটা কম। সাত দলের মধ্যে কেবল বরিশালেই দেখা যাবে বিদেশী কোচ। সেই কোচও অবশ্য বাংলাদেশের ঘরের মানুষ। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের দলে কোচ হিসেবে থাকছেন অভিজ্ঞ ডেভ হোয়াইটমোর। একসময় বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। বিপিএলেও আগে দেখা গিয়েছে তাকে। এবারের বিপিএলে থাকবেন ফরচুন বরিশালের ডাগআউটে।
এবার তাহলে দেখে নেয়া যাক ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ দশম আসরের ৭ দলের কোচের তালিকা-
১. ফরচুন বরিশাল- ডেভ হোয়াইটমোর
ফরচুন বরিশাল একটি বাংলাদেশী টি২০ ক্রিকেট দল যা বরিশাল বিভাগকে প্রতিনিধিত্ব করে। দলটি ২০২০-২১ বঙ্গবন্ধু টি২০ কাপ প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করে। বিসিবি ২ কোটি টাকায় দলটির মালিকানা ফরচুন গ্রুপকে বিক্রি করে দেয়।
দলটি মূলত ২০১২ সালে বরিশাল বার্নার্স (সংক্ষেপে বিবি নামে পরিচিত) হিসাবে বিপিএলের উদ্বোধনী মৌসুমের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। বার্নাররা ২০১২ সালে বিপিএল রানার্সআপ ছিল। বিপিএলের দ্বিতীয় সংস্করণের পরে ২০১৩ সালে বিলুপ্ত হওয়া দলগুলির মধ্যে একটি ছিল বার্নার্স।
ডেভ হোয়াটমোর, যিনি পূর্বে বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন, আবারও বাংলাদেশের ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন। ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ফরচুন বরিশাল তাকে তাদের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট করে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি। পোষ্টে তারা লিখেছে, আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, ডেভনেল ফেডেরিক হোয়াটমোর স্যার আসন্ন বিপিএল ২০২৪-এ ফরচুন বরিশালের কোচ হিসেবে থাকবেন।
নতুন দল গঠনের জন্য বিপিএলকে সামনে রেখে বরিশাল ফ্র্যাঞ্চাইজি আগে থেকেই কাজ শুরু করেছিল। কিছুদিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া তামিম ইকবালকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করে তারা। এবার কোচের নাম ঘোষণাতেও তারা কিছুটা চমক উপহার দিল।
হোয়াটমোরের বিপিএল অভিজ্ঞতা রয়েছে। ২০১৬ সালে তিনি বরিশাল বুলসের কোচ ছিলেন। এর আগে তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন। তিনি ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতিয়ে আলোচনায় এসেছিলেন। এছাড়াও তিনি পাকিস্তান, জিম্বাবুয়ে, নেপাল ও সিঙ্গাপুর ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন।
২. কুমিল্লা ভিক্টোরিয়ান্স- মোহাম্মদ সালাউদ্দিন
কুমিল্লা ভিক্টোরিয়ানস বাংলাদেশের একটি পেশাদার ক্রিকেট দল যা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতিদ্বন্দ্বিতা করে। দলটি কুমিল্লার প্রতিনিধিত্ব করে এবং এটি ২০১৫ সালে নাফিসা কামালের কুমিল্লা লিজেন্টস লিমিটেড কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। দলটি ২০১৫ সালে বিপিএলের প্রথম আসরে অংশগ্রহণ করে।
২০২৪ বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিকেএসপির কোচ ছিলেন। সাকিব-তামিম-মুশফিকদের জাতীয় দলে আসার পেছনে সালাউদ্দিনেরও বড় ভুমিকা রয়েছে। সাকিব এখনও কোন সমস্যা হলে গুরু সালাউদ্দিনের শরণাপন্ন হন। কুমিল্লায়ও তার ছোঁয়ায় প্রথমবারই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়।
মোহাম্মদ সালাউদ্দিন একজন অভিজ্ঞ এবং সফল ক্রিকেট কোচ। তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। বিপিএলের ইতিহাসে তিনি একজন সফল কোচ হিসেবে পরিচিত। তার অধীনে বিশ্বক্রিকেটের একঝাক তারকা খেলবেন। লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের মতো তারকাদের নিয়ে তিনি শিরোপা ধরে রাখার মিশনে নামবেন।
৩. দুর্দান্ত ঢাকা- খালেদ মাহমুদ সুজন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ক্রিকেট দল হলো দুর্দান্ত ঢাকা। এই দলটি বাংলাদেশের ঢাকা শহরকে প্রতিনিধিত্ব করে। ২০২৪ সালের জন্য দলটির নতুন মালিক হলো নিউটেক্স। বিপিএলের প্রথম আসরে দলের নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। এরপর দলের মালিকানা পরিবর্তন হলে দলের নাম হয় ঢাকা ডায়নামাইট। পরবর্তীতে দলের মালিক হয় বেক্সিমকো গ্রুপ এবং দলের নাম হয় ঢাকা ডমিনেটর্স।
২০২৩ সালে বিপিএল’র ৯ম আসরে মালিকানা পায় রুপা গ্রুপ এবং নাম হয় ঢাকা ডমিনেটরস। ২০২৪ সালের ১০ম আসরের জন্য আবারো মালিকানা পরিবর্তন হয়ে দলের নাম পরিবর্তন হয় দুর্দান্ত ঢাকা। এবার মালিক হলো নিউটেক্স গ্রুপ। ২০২৪ বিপিএল আসরে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও কোচ খালেদ মাহমুদ সুজন।
ঢাকার দল এবার খুব বেশি শক্তপোক্ত না। খোদ সমর্থকদের মাঝেই দল নিয়ে আছে আক্ষেপ। তবে কোচের নামটা দেখলে কিছুটা হলেও আশা জাগতে পারে তাদের। দুর্দান্ত ঢাকার কোচ হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। নেটে বা জাতীয় দলে ক্রিকেটারদের সঙ্গে লম্বা সময় পার করেছেন সুজন। তার উপর আস্থা রেখেই খেলতে নামবে দুর্দান্ত ঢাকা।
৪. রংপুর রাইডার্স- সোহেল ইসলাম
রংপুর রাইডার্স বাংলাদেশের একটি ক্রিকেট দল, যা বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ অংশগ্রহণ করে। দলটি বাংলাদেশের রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করে। বিপিএলের প্রথম আসরে ছয়টি দল অংশগ্রহণ করেছিল এবং ২০১৩ সালে রংপুর রাইডার্স দলটি সপ্তম দল হিসেবে যুক্ত হয়। ২০১৭ সালের বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে পরাজিত করে রংপুর রাইডার্স দলটি প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিতে নেয়।
রংপুর রাইডার্স এবারের বিপিএলে তারকাখচিত দল গঠন করেছে। দলে আছেন নিকোলাস পুরান, বাবর আজম, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা, এবং সাকিব আল হাসান। দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সোহেল ইসলাম। সোহেল ইসলাম ঘরোয়া ক্রিকেটে একজন পরিচিত মুখ। তার অধীনে দল কেমন ফল করে সেটাই দেখার বিষয়। তবে ধারণা করা হচ্ছে, রংপুর রাইডার্স এবারও শিরোপার লক্ষ্যে লড়াই করবে।
৫. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- তুষার ইমরান
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি দল। এই দলটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং বিপিএলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। দলটি শুরুতে চিটাগং কিংস নামে খেলত, পরবর্তীতে ২০১২ সালে চিটাগাং ভাইকিংস নামে পরিবর্তন হয়। ২০২০ সালে দলটির মালিকানা আকতার গ্রুপে হস্তান্তরিত হয় এবং দলের নাম পরিবর্তন করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করা হয়।
২০২৪ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ঘরোয়া ক্রিকেটে দেশের ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটার এর আগে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন।
জাতীয় দলের হয়ে ৫টি টেস্ট ও ৪১টি ওয়ানডে খেলা তুষার ঘরোয়া ক্রিকেটে ছিলেন দারুণ সফল। বছরের পর বছর রান করে গেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড তার দখলে। ১৮২টি প্রথম শ্রেণির ম্যাচে তার রান ১১৯৭২। সেঞ্চুরি ৩২টি ও ফিফটি ৬৩টি।
৬. সিলেট স্ট্রাইকার্স- রাজিন সালেহ
সিলেট বিভাগের প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল সুরমা সিক্সার্স ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম দুই আসরে দলটি সিলেট রয়্যালস নামে এবং তৃতীয় আসরে সিলেট সুপার স্টার্স নামে খেলে। চতুর্থ আসরে দলটি নিষিদ্ধ ছিল। পঞ্চম আসরে দলটি নতুন নামে এবং নতুন মালিকানায় বিপিএলে ফিরে আসে।
২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের জন্য সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাজিন সালেহ। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার গত কয়েক বছর ধরেই কোচিং করাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। বিপিএলের গত আসরেও ছিলেন কোচিংয়ে।
আসন্ন বিপিএলে সিলেট স্ট্রাইকার্স একটি প্রতিযোগিতামূলক দল গঠনের জন্য দক্ষ খেলোয়াড়দের সংগ্রহ করছে। দলের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে নিয়োগ করা হয়েছে, যিনি দেশের ইতিহাসের সবচেয়ে সফলতম অধিনায়ক।
নাজমুল হোসেন শান্ত এবং তানজিম হাসান সাকিবও দলে রয়েছেন, যাদের অভিজ্ঞতা এবং দক্ষতা দলকে শক্তিশালী করবে। কামিন্দু মেন্ডিস, থিসারা পেরেরা এবং ধনঞ্জয়া ডি সিলভা তিনজন শক্তিশালী শ্রীলঙ্কান ক্রিকেটারকেও দলে নেওয়া হয়েছে। জিম্বাবুয়ের মারকুটে ব্যাটার রায়ান বার্লওও দলের আক্রমণে শক্তি যোগ করবেন।
৭. খুলনা টাইগার্স- তালহা জুবায়ের
খুলনা টাইগার্স হলো একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল যা একটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে। ফ্র্যাঞ্চাইজিটি জেমকন স্পোর্টসের মালিকানাধীন ।
২০২৪ বিপিএলে পূর্বেকার অন্য বিপিএলের তুলনায় বেশ খানিকটা আলাদা। এই বিপিএলের পিচ হবে রানবান্ধব । বিশ্বকাপের আদলে পিচ তৈরি করবে আয়োজক কমিটি। ফলে ছুটবে রানের ফোঁয়ারা। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবারের উইকেট পরিকল্পনা হচ্ছে। খুলনা টাইগার্সের হয়ে ২০২৪ বিপিএলে কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের।














