পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ফিন অ্যালেন, ড্যারেল মিচেল ও কেইন উইলিয়ামসনের ঝড়ো ব্যাটিংয়ে ২২৬ রানের বড় সংগ্রহ গড়ে তোলে স্বাগতিকরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও, শেষটা ভালো হয়নি সফরকারীদের। বাবর আজমের ফিফটি ছাড়াও অন্য কোনো ব্যাটার ভালো করতে পারেননি। ফলে ১৮০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে উইলিয়ামসনের দল।
পাকিস্তান নিউজিল্যান্ড টি ২০ ম্যাচের বিবরণ
পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ওভারেই তিনি ডেভন কনওয়েকে ফিরিয়ে শুভসূচনা করেন। এটি ছিল পাকিস্তানি সমর্থকদের কাঙ্ক্ষিত শাহীনের রুপ। আরেক ওপেনার ফিল অ্যালেনের ব্যাটও ভালোই চলছিল। দলের ৫০ রানের মাথায় তিনি ফিরে গেলেন। তখন তার ব্যক্তিগত স্কোর ছিল ১৫ বলে ৩৪ রান।
দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফেরা কেন উইলিয়ামসনের ব্যাটেও রান এসেছে। দলীয় শতকটা পূরণ হয়েছে উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের হাত ধরে। অভিষিক্ত আব্বাস আফ্রিদির শিকার হয়ে ফিফটি করে বিদায় নেন উইলিয়ামসন। ৯ বাউন্ডারিতে ৪২ বলে ৫৭ রানের ইনিংস খেলেন কিউই অধিনায়ক। এদিকে একপাশ সামলে মিচেলের ব্যাট হাসছিল কাউকে পরোয়া না করে। ২৭ বলে ৬১ রানের ইনিংসে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় নিউজিল্যান্ড।
তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। উইলিয়ামসন স্বভাবসুলভ গতিতে খেলে হাঁকান অর্ধশতক। ৪২ বলে ৫৭ রান করে তিনিও আব্বাসের শিকার হন। কিউই অধিনায়কের ব্যাট থেকে আসে ৯টি চার। গ্লেন ফিলিপস ১১ বলে ১৯ রানের ছোট ঝড় তুলে আব্বাসের তৃতীয় শিকারে পরিণত হন।
টর্নেডো বইয়ে দিয়ে মিচেল থামেন ৬১ রানে। ২২৫.৯৩ স্ট্রাইকরেটের ইনিংসে তিনি খেলেন ২৭টি বল। মিচেলের ব্যাট থেকে আসে চারটি করে চার ও ছক্কা। মিচেল ফিরলেও তাণ্ডব চালিয়ে যেতে থাকেন মার্ক চ্যাপম্যান। তবে চ্যাপম্যান যোগ্য সঙ্গী পাননি৷ অ্যাডাম মিলনে করেন ১১ বলে মাত্র ১০ রান। ইশ সোধি গোল্ডেন ডাকের শিকার হন।
ইনিংসের দুই বল বাকি থাকতে চ্যাপম্যান আউট হন ১১ বলে ২৬ রানের ক্যামিও দেখিয়ে। তার ব্যাট থেকে আসে দুইটি করে চার ও ছক্কা। শেষ দুই বলে সাউদি এক ছক্কায় করেন ২ বলে ৬ রান। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২৬ রান। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ।
পাকিস্তানের পক্ষে আব্বাস তিনটি, শাহীন দুইটি ও হারিস রউফ একটি উইকেট নেন।
পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়
পাকিস্তানকে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাইম আইয়ুব ও মোহাম্মদ রিজওয়ান দুজনেই ঝড়ো শুরু দেন। সাইম আইয়ুব মাত্র ৮ বলে ২৪ রান করেন, যার মধ্যে ছিল দুইটি চার ও তিনটি ছক্কা। তবে তিনি দুর্ভাগ্যজনকভাবে রান-আউট হন। রিজওয়ানও ১৪ বলে ২৫ রান করেন, যার মধ্যে ছিল দুইটি চার ও একটি ছক্কা। তবে তিনি সাউদির বলে উইকেট হারান।
ফখর জামান ও ইফতিখার আহমেদ যথাক্রমে ১৫ ও ২৪ রানের ইনিংস খেলে দলকে ভালো সূচনা দেন। কিন্তু আজম খান ১০ রানে আউট হওয়ার পর পাকিস্তানের মিডল অর্ডার ভেঙে পড়ে। ফলে দল দ্রুত রান হারাতে থাকে এবং ম্যাচ থেকে ছিটকে যায়।
শেষ পাঁচ ব্যাটারের মধ্যে কেবল একজন দুই অঙ্কের ঘরে পৌঁছান। আমের জামাল ৭ বলে ১৪ রান করে অপরাজেয় থাকেন। বাবর আজম অর্ধশতক হাঁকিয়ে আউট হন সপ্তম ব্যাটার হিসেবে। প্রায় ১৬৩ বলে স্ট্রাইক রেটে ৩৫ বলে ৫৭ রান করেন বাবর। বাবরের ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও দুইটি ছক্কা।
১৮ ওভারেই পাকিস্তান অলআউট হয়ে যায় ১৮০ রান করে। ফলে ৪৬ রানের বড় জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। স্বাগতিকদের পক্ষে সোধি চারটি, মিলনে ও বেন সিয়ার্স দুইটি করে এবং সাউদি একটি উইকেট নেন। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন মিচেল।
ম্যাচ হেরেও দারুন বল করলেন আব্বাস আফ্রিদি
পাকিস্তানি ফাস্ট বোলার আব্বাস আফ্রিদি তার টি-টোয়েন্টি অভিষেক ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। প্রতিপক্ষ দল ২২৬ রান করলেও তিনি মাত্র ৩৪ রান দিয়েছিলেন এবং ৩ উইকেট শিকার করেছিলেন।
অভিষেক ম্যাচেই আব্বাস আফ্রিদির এই পারফরম্যান্স সবার নজর কেড়েছে। তিনি বলেছেন যে দেশের হয়ে খেলাটা তার জন্য সম্মানের।
শুক্রবার অকল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার অভিষেক হয়। এর আগমুহূর্তে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে আব্বাস আফ্রিদি একথা বলেন।
এ সময় তরুণ এ পেসার আরো বলেন, প্রতিটি খেলোয়াড়ই পাকিস্তানের হয়ে খেলতে চায়, পাকিস্তানের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল এবং সেই দিন এসেছে।
পাকিস্তান দলের বর্তমান ফাস্ট বোলিং কোচ উমর গুল। তার কাছ থেকেই ডেবিউ ক্যাপ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আব্বাস আফ্রিদি। তিনি বলেন, আমি আমার চাচার কাছ থেকেই ডেবিউ ক্যাপ পেতে চেয়েছিলাম।
তিনি বলেন, আমি পাকিস্তানের হয়ে উমর গুলের মতো বোলিং করতে চাই।
পাকিস্তানি বোলিং কোচ উমর গুলও তার ভাতিজা আব্বাস আফ্রিদির টি-টোয়েন্টি অভিষেকের বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন। বলেছেন, এটা আমাদের পরিবারের জন্য গর্বের মুহূর্ত।
তিনি বলেন, প্রত্যেক ক্রিকেটারই তারকার হয়ে খেলতে চায়। কারণ, গ্রিন ক্যাপের ওপর স্থাপিত তারকার হয়ে খেলা সম্মানের ব্যাপার।
উমর গুল আব্বাস আফ্রিদিকে পরামর্শ দিয়েছেন যে তিনি যেন ঘরোয়া ক্রিকেটে যেভাবে পারফর্ম করেছেন, জাতীয় দলেও সেই একই পারফর্ম বজায় রাখার চেষ্টা করেন এবং সর্বদা পাকিস্তানের নাম উঁচু রাখার চেষ্টা করেন।
ম্যাচ হেরেও টি-২০-তে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর
পাকিস্তানের বাকি ব্যাটাররা শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও বাবর আজম একাই লড়াই করেছিলেন। তিনি ৩৫ বলে ৫৭ রান করে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন।
পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ৩৫৩১ রানকে ছাড়িয়ে তিনি এই অবস্থানে পৌঁছান। বাবর আজমের মোট রান ৩৫৩৮।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ধারাবাহিক ব্যর্থতার পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাবর আজম ৫৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এই ইনিংসের মাধ্যমে তিনি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসেন।
অনেকে মনে করছেন, এই ইনিংস বাবর আজমের ফর্মে ফেরার ইঙ্গিত দেয়। তবে সিরিজ শেষ হলেই বাবর আদৌ ফর্মে ফিরেছেন কিনা তা নিশ্চিতভাবে বলা যাবে।
তালিকার শীর্ষে রয়েছেন ভারতের বিরাট কোহলি। তার মোট রান ৪০০৮। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতেরই রোহিত শর্মা। তার মোট রান ৩৮৫৩।














