ক্রিকেট বিশ্বে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। সোমবার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ সভায় দীর্ঘদিনের অধিনায়ক সাকিব আল হাসানের জমানার সমাপ্তি ঘোষণা করা হয়।
টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত।
এই সিদ্ধান্ত ক্রিকেট ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, সাকিবের অভিজ্ঞতা ও দক্ষতার অভাব অনুভূত হবে। অন্যদিকে, নতুন অধিনায়ক ও প্রধান নির্বাচকের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটে নতুন যুগের সূচনা হবে বলে আশাবাদী অনেকে।
২০১৭ সালের এপ্রিল মাসে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে শাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফর্ম্যাটেই অধিনায়কের ভূমিকা পালন করে আসছিলেন।
কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, দীর্ঘদিনের ধারাবাহিকতা ভেঙে তিন ফর্ম্যাটেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে।
বাংলাদেশ ক্রিকেটের রদবদলের বিস্তারিত বিষয় নিয়ে ক্রিকেক্স নিউজ এর আজকের আলোচনা।
নাজমুল হোসেন শান্ত: ক্রিকেটের সব ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক
নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল ফরম্যাটের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। (১২ ফেব্রুয়ারি) সোমবার বছরের প্রথম বোর্ড মিটিং শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন।
পাপন বলেন, “নাজমুল হোসেন শান্তকে সব ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ বছর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।”
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে অধিনায়কত্ব করবেন। এরপর এই সিদ্ধান্ত এলো বিসিবির পক্ষ থেকে।
টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শান্তর নিয়োগ কিছুটা অপ্রত্যাশিত, কারণ এই ফরম্যাটে সাকিব দীর্ঘদিন ধরে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক ছিলেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন যে, বেশ কিছু কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি সভাপতির মতে, “সাকিব তার দৃষ্টিশক্তি নিয়ে সমস্যায় ভুগছেন। শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজ এবং বিশ্বকাপের কথা ভেবে আমরা অনুভব করেছি যে নতুন অধিনায়ক নিয়োগ এখন খুবই গুরুত্বপূর্ণ।”
এই পরিবর্তন বিশ্বকাপের নির্বিঘ্ন প্রস্তুতিতে সহায়ক হবে বলে উল্লেখ করেন বিসিবি সভাপতি।
সাকিবের অনুপস্থিতিতে, শান্ত বাংলাদেশ দলকে সফলভাবে নেতৃত্ব দিয়ে নিজের অধিনায়কত্বের যোগ্যতা প্রমাণ করেছেন। তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় দীর্ঘ সময় ধরে অধিনায়কের ভূমিকায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
শান্তর অধিনায়কত্বের রেকর্ড অসাধারণ। বাংলাদেশের হয়ে তিনি ছয়টি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্টে জয় এনে দিয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দিয়েছেন।
শান্তকে পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর তার প্রথম পরীক্ষা হতে যাচ্ছে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজ। এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলা হবে। সিলেট ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই সিরিজের সবগুলো ম্যাচ।
মিনহাজুল-হাবিবুলকে সরিয়ে, নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ
জাতীয় দলের নির্বাচক কমিটিতে ব্যাপক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ৮ বছর ধরে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদীন এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেবেন সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন। বাকি দুই সদস্য হিসেবে থাকবেন আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার।
গাজী আশরাফ, বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম অধিনায়ক, নতুন ভূমিকায় বিসিবিতে ফিরছেন।
তিনি জাতীয় দলের সাবেক ম্যানেজার, দীর্ঘদিনের বিসিবি পরিচালক, গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এবং বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এবার তাকে দেখা যাবে নতুন রূপে।
১৯৮৬ সালের এশিয়া কাপ, যেখানে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। ঐতিহাসিক এই ম্যাচে গাজী আশরাফ ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।
অলরাউন্ডার হিসেবে খ্যাত গাজী আশরাফ ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৭টি ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করেন। ঐ সমস্ত ম্যাচেই তিনি ছিলেন দলের অধিনায়ক।
ঘরোয়া ক্রিকেটেও গাজী আশরাফ ছিলেন একজন সফল খেলোয়াড়। ব্যাট ও বলে নিয়মিত রান সংগ্রহের পাশাপাশি তিনি তার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে দলকে অনুপ্রাণিত করতেন।
গাজী আশরাফের নেতৃত্বে নির্বাচক কমিটিতে নতুন মুখ সাবেক ক্রিকেটার হান্নান সরকার। বিদায়ী নির্বাচক কমিটির নবীনতম সদস্য আব্দুর রাজ্জাক থেকে যাচ্ছেন এই কমিটিতেও।
বিসিবির কেন্দ্রীয় চুক্তি: কারা এলেন, কারা বাদ পড়লেন
২০২৪ সালের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই চুক্তিতে তিন ফরম্যাটে জায়গা হয়েছে সর্বমোট ২১ ক্রিকেটারের। সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে আনা হয়েছে বেশকিছু নতুন মুখ।
দারুণ পারফরম্যান্সের সুবাদে তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন। অন্যদিকে, মোসাদ্দেক হোসেন সৈকত, তামিম ইকবাল ও ইবাদত হোসেন গত বছরের চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন।
মাহমুদউল্লাহ রিয়াদকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। কিন্তু এই অভিজ্ঞ ক্রিকেটার সেই সন্দেহ দূর করে দিয়েছেন। তবে বোর্ড তাকে শুধুমাত্র ওয়ানডেতে রেখেছে। টি-টোয়েন্টিতে তার উপর আস্থা রাখতে পারেনি। আর তিনি ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন।
এই বছরের কেন্দ্রীয় চুক্তিতে অফ স্পিনার নাঈম হাসানকে ফিরিয়ে আনা হয়েছে। গত বছর তিনি বাদ পড়েছিলেন। শরিফুল ইসলাম আগের চুক্তিতে দুই ফরম্যাটে খেলার সুযোগ পেলেও এবার তিন ফরম্যাটে খেলার সুযোগ পেয়েছেন।
বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ২০২৩ সালে টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন। তবে এবারের চুক্তিতে তিনি রয়েছেন শুধু টি-টোয়েন্টিতে।
একনজরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি (২০২৪)
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।
টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।
ওয়ানডে ও টি-টোয়েন্টি: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান।
ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।
টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন
বাদ পড়েছেন: তামিম ইকবাল, এবাদত হোসেন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত।
উপসংহার
বাংলাদেশ ক্রিকেট দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব ভাগ-বাঁটোয়ারার নীতি অনুসরণ করে আসছে। ২০১৪ সালে মাশরাফি বিন মুর্তজা টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পর থেকে এই নীতির প্রয়োগ শুরু হয়। তবে, গত কয়েক বছরে এই নীতির ফলাফল খুব একটা ভালো হয়নি। বরং, এটি দলের মধ্যে বিভেদ সৃষ্টির কারণও হয়েছে।
বাংলাদেশের যে সংস্কৃতি, তাতে ড্রেসিংরুমের কর্তৃত্বটা একজনের হাতে থাকাই ভালো। নাজমুলকে তিন সংস্করণেরই অধিনায়ক করাটাকেও তাই নতুন যুগের সূচনা বলা যায়। গত কিছুদিন সাকিব তা ছিলেন বটে, তবে সেটি তো ঘটনাচক্রে।














