সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা দেশবাসী। ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও বিশেষ কয়েকটি আসনের দিকে তাকিয়ে থাকবেন।
সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা বেশ কয়েকটি আসনে প্রার্থী হয়েছেন। এছাড়াও, ক্রীড়া সংগঠকরাও অনেক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনগুলির ফলাফল ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে।
যেসব আসনে ক্রীড়াঙ্গনের দৃষ্টি থাকবে—
সাকিব আল হাসান (মাগুরা-১)
এবারের নির্বাচনে সাকিব আল হাসানের মনোনয়ন পাওয়া সবচেয়ে বড় চমক। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার হিসেবে পরিচিত। তার বিপক্ষে তেমন কোনো শক্ত প্রতিপক্ষ নেই। আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা স্বতন্ত্র নির্বাচন করলেও সাকিবের আসনে তা হয়নি। বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরও সাকিবের পক্ষে কাজ করছেন।
মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২)
গত নির্বাচনে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি একই আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বিতা তেমন একটা চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে না।
দেওয়ান শফিউল আরেফিন টুটুল (মানিকগঞ্জ-২)
আওয়ামীপন্থি ক্রীড়াবিদ ও সংগঠকদের মধ্যে সাবেক ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি এক যুগেরও বেশি সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০১ সালে তিনি দলের মনোনয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে পরবর্তী নির্বাচনগুলোতে তিনি মনোনয়ন পাননি। এবার দলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন বর্তমান এমপি মমতাজ বেগম এবং তার চাচাতো ভাই দেওয়ান জাহিদ আহমেদ (টুলু)।
আরিফ খান জয় (নেত্রকোনা-২)
সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আরিফ খান জয় ক্রীড়াবিদ হিসেবে তার দক্ষতা ও জনপ্রিয়তার কারণে ক্রীড়ামন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে যুব ও ক্রীড়া উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি। এবারও দলীয় মনোনয়ন পাননি তিনি। এরপরও স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। তবে, গত কয়েক বছর তৃণমূলে কাজ করার সুবাদে এবার তিনি নির্বাচনে জয়ী হতে আশাবাদী।
আব্দুস সালাম মুর্শেদী (খুলনা-৪)
খুলনা-৪ আসনের দুইবারের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোর্তজা রশিদী দারা। তিনিও ক্রীড়াঙ্গনের একজন পরিচিত মুখ। ক্রিকেট বোর্ডের পরিচালক, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য হিসেবে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। দারার বড় ভাই এই আসনের সাবেক সংসদ সদস্য। তার মৃত্যুর পর মুর্শেদী সংসদ সদস্য হন। এই আসনে দুই প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ মূলত ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহের উপর নির্ভর করবে।
আতাউর রহমান ভূঁইয়া মানিক (নোয়াখালী-২)
আতাউর রহমান ভূঁইয়া মানিক একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ যিনি সম্প্রতি বাফুফের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ক্রীড়াঙ্গনে সংগঠক হিসেবেও কাজ করছেন। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিপক্ষ বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোরশেদ আলম। তবে নানা সূত্রের খবর, আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া সকল প্রার্থীরা মানিককে সমর্থন দিচ্ছেন। ফলে তার জয়ের সম্ভাবনা রয়েছে।
কাজী নাবিল আহমেদ (যশোর-৩)
নাবিল একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ। তিনি ১৫ বছর ধরে ঢাকা আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ ও বাফুফের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়াঙ্গনে তার সুনাম রয়েছে। তিনি ২০১৪ ও ২০১৮ সালে যশোর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও তিনি তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন। ক্রীড়াঙ্গনের মানুষ তার সাফল্য কামনা করছেন।
সালমান এফ রহমান (ঢাকা-১)
বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পপতি, রাজনীতিবিদ এবং ক্রীড়া সংগঠক হলেন সালমান এফ রহমান। তিনি ব্যবসায়িক এবং রাজনৈতিক ক্ষেত্রে একজন পরিচিত ব্যক্তিত্ব হলেও ক্রীড়াক্ষেত্রেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীর চেয়ারম্যান হিসেবে তিনি তিন দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। ক্লাবটি লিমিটেড হওয়ার আগে থেকেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম।
নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬)
নাজমুল হাসান পাপন একজন রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব। তার বাবা জিল্লুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। তার মা আইভি রহমানও আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী ছিলেন। তাই পাপন উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে আসেন।
গত এক দশকে পাপনের ক্রীড়াঙ্গনেও ব্যাপক পরিচিতি হয়েছে। তিনি দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংস্থা বিসিবির সভাপতি। ২০১২ সাল থেকে তিনি বিসিবির সর্বোচ্চ পদে রয়েছেন। এছাড়াও তিনি ঢাকা আবাহনীর অন্যতম পরিচালক। বিসিবি সভাপতি পদে পাপনের প্রতিদ্বন্দ্বিতার আভাস নেই। তবে ক্রীড়াঙ্গনের চোখ থাকবে তিনি কত ভোটে জয়ী হন।
জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২)
ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা গাজীপুর-২ আসনের নির্বাচনে বিশেষভাবে আগ্রহী। কারণ বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ওই আসনের প্রার্থী। তিনি নিজে ক্রীড়াবিদ বা সংগঠক না হলেও, ক্রীড়াঙ্গনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তার বিপক্ষে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তবে মূল প্রতিপক্ষ গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর।
সাবের হোসেন চৌধুরি (ঢাকা-৯)
সাবের হোসেন চৌধুরি বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতির অন্যতম কৃতি ব্যক্তিত্ব। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। তিনি টানা কয়েকবার ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও তিনি এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এই আসনে তাঁর কোন শক্ত প্রতিপক্ষ না থাকায়, তিনি খুব একটা প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে না বলে মনে করা হচ্ছে।
বাহাউদ্দিন নাছিম (ঢাকা-৮)
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিকেন্দ্রীকরণ এখনও একটি অপূর্ণ লক্ষ্য। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলির বেশিরভাগই রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। ঢাকার মতিঝিল ও পল্টন এলাকায় অবস্থিত অধিকাংশ ক্রীড়া ফেডারেশন ও ক্রীড়া স্থাপনা। ক্রীড়া অঞ্চলের সংসদ সদস্য নির্বাচন নিয়ে ক্রীড়াঙ্গনে কৌতুহল রয়েছে। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীই নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। অন্য কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার আভাস পাওয়া যায়নি।
সামছুল হক চৌধুরি (চট্টগ্রাম-১২)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়া অনেক বর্তমান আওয়ামী লীগ এমপি স্বতন্ত্র নির্বাচন করছেন। তাদের মধ্যে অন্যতম চট্টগ্রামের প্রভাবশালী এমপি সামছুল হক চৌধুরি। তিনি বাফুফের সাবেক সদস্য এবং চট্টগ্রাম আবাহনীর মহাসচিব। এই আসনে আরেকটি আগ্রহের বিষয় হলো, এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন বাফুফের সদস্য ও সাবেক তারকা ফুটবলার সত্যজিত দাশ রুপু। তিনি স্বতন্ত্র নির্বাচন না করে নৌকা প্রতীক পাওয়া প্রার্থীকে সমর্থন দিয়েছেন।














