ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। কিন্তু এই খেলার কলঙ্ক হলো ম্যাচ ফিক্সিং। পাতানো ম্যাচের জন্য অনেক দেশের ক্রিকেট দলের নাম কলঙ্কিত হয়েছে। অনেক তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অর্থের লোভে অনেক ক্রিকেটার নৈতিকতা বিসর্জন দিয়ে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ছে।
ক্রিকেট অনেকের জন্যই জীবনের সবকিছু। কেউ কেউ বলে, জীবনের বিস্তীর্ণ আকাশে রঙধনুর সাত রঙের একটি ক্রিকেট। আবার কেউ বলে, জীবনের আকাশের চাঁদ ক্রিকেট। ক্রিকেটই তাদের ধ্যান-জ্ঞান, ক্রিকেটই তাদের সাধনা। কিন্তু ক্রিকেটের এই ঐশ্বর্য্যকে কলঙ্কিত করেছে ফিক্সিং। ক্রিকেট যেমন একটি সুন্দর খেলা, তেমনি ফিক্সিং একটি ঘৃণ্য অপরাধ। ফিক্সিং ক্রিকেটের মর্যাদা ক্ষুন্ন করেছে এবং খেলাধুলার আত্মাকে কলঙ্কিত করেছে।
ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। কিন্তু এই ক্রিকেটেই ফিক্সিংয়ের মতো অন্ধকার অধ্যায় রয়েছে। পাতানো ম্যাচের জন্য অনেক দেশের ক্রিকেট দলের নাম ক্ষুণ্ণ হয়েছে। অনেক তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অর্থের প্রলোভনে পড়ে ক্রিকেটাররা এখনও ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ছে।
ফিক্সিং কি?
ফিক্সিং হলো কোনো ম্যাচের ফল বা ম্যাচের নির্দিষ্ট অংশের ফল আগেই নির্ধারণ করা! সহজ ভাষায় খেলার যেকোনো মুহূর্তে যেকোনো অংশ ফিক্সড করে খেলা! ফিক্সিংয়ের প্রধান কারণ হলো ফিক্সার ওরফে জুয়াড়িদের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা! এই অর্থের প্রলোভন যে এতটাই শক্তিশালী যে লোভ সংবরন করা তখন হয়ে যায় খুবই দুস্কর।
ফিক্সিংয়ের মূল কলকাঠি যখন নাড়ানো হয় পর্দার অন্তরালে থাকা প্রফেশনাল জুয়াড়িদের মাধ্যমে, তখন ফিক্সিং হাজির হয় ক্রিকেট মাঠের বিষফোঁড়া রূপে! তখন খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এমনকি ম্যাচ অফিশিয়াল-গ্র্যাউন্ডসম্যানদের সঙ্গেও জুয়াড়িরা যোগাযোগ করে-অর্থের লেনদেন করে।
ফিক্সিং এর প্রকারভেদ: ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং!
প্রথমত, ম্যাচ ফিক্সিংয়ে পুরো ম্যাচের ফলাফল পূর্ব নির্ধারিত থাকে। ম্যাচ ফিক্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র দুটো অপশন থাকে, উইন অর লস! টেস্ট ম্যাচে শুধুমাত্র ড্রয়ের একটা সম্ভাবনা থাকে! আশি-নব্বইয়ের দশকে এমন ফিক্সিংয়ের ঘটনা হরহামেশাই দেখা যেত! তখন যেকোন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের নিজেদের পক্ষে নিয়ে এই ফলাফল নির্ধারণ এর পরিকল্পনা করতো ফিক্সাররা।
ধরা যাক, অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ের মধ্যে খেলা হচ্ছে, স্বাভাবিকভাবেই যে কোনো নিরপেক্ষ দর্শকই এখানে তাদের বাজি অস্ট্রেলিয়ার পক্ষেই ধরবে! ধরা যাক এখানে ৭:১ অনুপাতে বাজি চলছে, অস্ট্রেলিয়া জিতলে যে টাকা জুয়াড়িরা পাবে, তার সাতগুন টাকা পাবে জিম্বাবুয়ে জিতলে! এখানেই অস্ট্রেলিয়ার গুটিকয়েক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হাত করে খেলার ফলাফল জিম্বাবুয়ের পক্ষে আনা গেলেই জুয়াড়িদের পকেটে ঢুকবে কোটি-কোটি টাকা! তবে এখন আধুনিক যুগে আইসিসির কড়া নজরবন্দিতে এধরনের ফিক্সিং প্রায় অসম্ভব।
দ্বিতীয়ত, স্পট ফিক্সিং হলো যেকোনো ম্যাচের যেকোনো ছোট অংশে বা নির্দিষ্ট অংশে জুয়াড়িদের দ্বারা প্রভাবিত করা। স্পট ফিক্সিং ম্যাচের চূড়ান্ত ফলাফলকে খুব বেশি প্রভাবিত করতে পারে না, তবে এটি ম্যাচের নির্দিষ্ট কিছু ঘটনার ফলাফলকে প্রভাবিত করতে পারে। জুয়াড়িদের স্বীকারোক্তি অনুযায়ী, প্রায় ৬০/৭০% ম্যাচেই স্পট ফিক্সিং হয়।
ফিক্সিং এর বিবরণ
কোনো এক ম্যাচের মধ্যে একটা সময়ে হঠাৎ রানরেট অস্বাভাবিক ভাবে বেড়ে গেল, অবচেতন মন ভেবে নিবে ব্যাটসম্যানের বীরত্ব, অথবা আকস্মিক রান রেট কমে গেলে অজান্তেই কল্পনা করবেন বল হাতে বোলারের গড়িমা! তবে যখন শুনবেন এমনটা ঘটেছে জুয়াড়িদের ইশারায়, তখন হয়তো ক্রিকেটের প্রতি আপনার যে বিশ্বাস তা এক নিমিষেই উড়ে যাবে কর্পূরের মতো।
ফিক্সিংয়ের সব থেকে স্মার্ট অপশন স্পট ফিক্সিং। এখানে স্বল্প সময়ে, স্বল্প ঝুকিতে আয় করা যায় কোটি-কোটি টাকা! তাছাড়া ম্যাচ ফিক্সিংয়ে যেখানে সুযোগ থাকে মাত্র একবার, এখানে সুযোগ আসে বারবার! যেকোনো কিছু নিয়ে বাজি ধরা যায় এখানে! যেকোনো একটা সেশনের বাজি ধরা হয় এখানে! ধরা যাক ১০ ওভারের সেই সেশনে ৪০-৪৫ রান উঠবে, এক্ষেত্রে এমন বাজির পক্ষে বিপক্ষে অবস্থান নেয় বাজিকররা। এক্ষেত্রে ফিক্সড করা ব্যাটসম্যান-বোলার যদি ক্রিজে থাকেনই, তাহলেই তাদের ব্যবসা রমরমা।
অনেকসময় বাজি ধরা হয় সেশনের শেষ ওভারের ঘটনা নিয়ে, বলা হয় শেষ ওভারে এক-দুই রানের বেশি উঠবে না, এমনকি মেডেন হবে! সাধারণত যেকোনো ব্রেকের আগে কিংবা পরের ওভারে ব্যাটসম্যানরা খুব বেশি ঝুঁকি নেন না, ফলে তখন রানও ওঠে না খুব বেশি! সুতরাং, এক্ষেত্রে ধরা পড়ে যাওয়ার সুযোগও খুবই কম।
যেহেতু স্পট ফিক্সিং খেলার নির্দিষ্ট অংশে করা হয়, তাই এক্ষেত্রে খেলার ফলাফলে কোনো প্রভাব না পড়ার সম্ভাবনাই বেশি! তাছাড়া, স্পট ফিক্সিং শেষ হয়ে গেলে খেলোয়াড়রা তাদের ইচ্ছেমত খেলতে পারে! ওভারপারফর্মের থেকে আন্ডারপারফর্ম সহজ বিধায় খেলোয়াড়দের খারাপ খেলাকেই প্রাধান্য দেয়া হয়! ‘নো-বল’ স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ার পর থেকে স্পট ফিক্সিং এখন সাধারণত ব্যাটসম্যানদের দিয়েই করানো হয়।
মাঝে মাঝেই আমরা ক্রিকেট মাঠেই দেখতে পাই, ব্যাটসম্যান ওভারের মাঝেই প্যাড খুলে ফেলেছে কিংবা গ্লোভস খুলেছে, ক্রিকেটীয় মস্তিষ্কের যেকোনো মানুষ হয়তো সহজাত ঘটনা হিসেবেই দেখবে ঘটনাটা, কিন্তু এটাও হতে পারে জুয়াড়িদের জন্য একটা ইশারা-সঙ্কেত! হাফ হাতা ছেড়ে ফুল হাতা জার্সি গায়ে জড়ানোও হতে পারে একধরনের ইশারা! ক্রিকেটের সবচেয়ে কমন ঘটনা বোলারের দৌড় শুরু করার পর ছন্দপতনের পর দৌড় থামিয়ে দেওয়া কিংবা অপ্রস্তুত ব্যাটসম্যান বোলারকে ইশারায় থামিয়ে দেওয়া! হতে পারে ঈশারাটা শুধুই বোলারের জন্য, হতে পারে জুয়াড়িদের জন্য।
আগমন হয় ডি কোম্পানির
এই ‘ডি-কোম্পানির’ মাধ্যমে ভারতীয় উপমহাদেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যে নিজের অপরাধের ঘাঁটি গড়ে তোলেন দাউদ ইব্রাহিম। দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানির’ আছে কমপক্ষে পাঁচ হাজার প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ এজেন্ট, যাদের কাজই থাকে দাউদ ইব্রাহিমের সকল কাজ চালু রাখা, যার নিয়ন্ত্রণ করেন আবার স্বয়ং দাউদ ইব্রাহিম নিজেই।
অপরাধ জগতকে দাউদ দিয়েছিলেন এক প্রাতিষ্ঠানিক রূপ। ভারতীয় অপরাধ জগতকে আন্তর্জাতিক অপরাধ পরিমন্ডলে পরিচিত করিয়েছিলেন দাউদ ইব্রাহিম, সমীহ আদায় করেছিলেন আন্তর্জাতিক অপরাধ জগতেও! অপরাধের কালো টাকা দিয়ে ইনভেস্ট করা শুরু করেন বলিউডে! একপর্যায়ে দাউদের নজর পরে ক্রিকেটে।
কথিত আছে, নব্বইয়ের দশকে একবার ভারতীয় ড্রেসিংরুমে প্রবেশ করেন দাউদ। তখনকার অধিনায়ক কপিল দেবকে সরাসরি প্রস্তাব করে বসেন ওই ম্যাচ হেরে যেতে, বিনিময়ে প্রচুর পরিমাণে অর্থের লোভ দেখান। কপিল দেব নাকি প্রচুর গালাগাল করে দাউদকে বের করে দেন ড্রেসিংরুম থেকে। দাউদের সঙ্গে সুসম্পর্ক ছিল ভারত-পাকিস্তান এমনকি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরও! অনেকেই নাকি দাউদের ইশারায় ফিক্সিং করতেন। অনেকে হয়তো টাকার লোভে করতেন, অনেকে হয়তো ভয়ে। কেউ কেউ স্বেচ্ছায় করলেও বেশিরভাগই যে বাধ্য হয়ে করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
ফোর্বস ম্যাগাজিনের তালিকায় পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি দাউদ ইব্রাহিম। শোনা যায়, তার মোট অর্থের পরিমাণ সাড়ে সাত বিলিয়ন ডলারেরও বেশি! তার এই বিপুল পরিমান অর্থের যোগানদানের অনেকাংশই আসে ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের মাধ্যমে। দাউদ ইব্রাহীমের হয়ে ম্যাচ ফিক্সিংয়ে ভূমিকা রাখতে সদা প্রস্তুত দাউদের দক্ষ গ্যাং ‘ডি-কোম্পানি’! ডি-কোম্পানি’র কিছু নির্দিষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত এজেন্টের কাজই ম্যাচ ফিক্সিং জনিত সকল কাজের দেখভাল করা। তারা খুবই সুনিপুণ ভাবে এবং উচ্চস্তরের গোপনীয়তা রক্ষা করে ম্যাচ ফিক্সিং করে থাকেন।
ক্রিকেট মৌসুমে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বসে বাজির আসর। সাধারণত বাজি ধরা হয় শখের বশে। কিন্ত শখের বাজিকররা সেই বাজি থেকে একবার নিয়মিত পয়সা কামাই করা শুরু করতে পারলে, মনের মধ্যে যে কু প্রবৃত্তি আছে সেই কু প্রবৃত্তিকে কাজে লাগিয়ে বনে যান পেশাদার বাজিকর। এখানেই বাজিমাত করে ডি-কোম্পানির এজেন্টরা।














